বলিউড অভিনেতা সালমান খান ও তাঁর প্রাক্তন প্রেমিকা সোমি আলি আবারও সংবাদ শিরোনামে এসেছে। সোমি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে জানিয়েছেন, সালমান তাকে দীর্ঘদিন ধরে হুমকি ও হেনস্তা করছেন।
ভিডিওতে সোমি দাবি করেছেন, ২০২৫ সালেও অভিনেতা তার ওপর চাপ সৃষ্টি করছেন। তিনি বলেন, “সালমান খান আমার পিছু ছাড়ছেন না। অচেনা নম্বর থেকেও ফোন করে হুমকি দিচ্ছেন।”
সোমি আরও অভিযোগ করেছেন, সালমান তাকে বলিউডে বয়কট করেছেন, এবং তার ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীরা তার থেকে দূরে সরে গেছেন। এছাড়া, তার এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করা হচ্ছে।
তিনি জানান, ১৯৯৮ সালে তাদের সম্পর্ক শেষ হয় সালমানের প্রতারণার কারণে, এবং ২০২৫ সালেও হেনস্তা চলছেই। সোমি অভিযোগ করেছেন, সালমান তার সৎ বোন ও ভাগ্নের সঙ্গেও দুবাইয়ে দেখা করছেন এবং মুম্বাইয়ে তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।
এ ঘটনায় সালমানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।





